২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চলতি বছর ৫৮৫ এনজিও'র নিবন্ধন বাতিল'

চলতি বছর পাঁচশ ৮৫টি এনজিও'র নিবন্ধন বাতিল করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর পাঁচশ ৮৫টি এনজিও'র নিবন্ধন বাতিল করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, বিভিন্ন প্রেক্ষাপটে এনজিও বিষয়ক ব্যুরো ১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত ছয়'শ ৪১টি এনজিও'র নিবন্ধন বাতিল করেছে। এর মধ্যে, ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৫৬টির এবং ২০১০ সালে পাঁচশ ৮৫টি এনজিও'র নিবন্ধন বাতিল করা হয়। নওগাঁ-৪ আসনের সাংসদ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক মতিয়া চৌধুরীর কাছে জানতে চান, "এনজিওগুলো জনগণের সেবা করছে, না সেবার নামে বাণিজ্য করছে। সেবার নামে এনজিওগুলো বাণিজ্য করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না?" এ প্রশ্নের জবাব দিতে গিয়ে শুরুতেই মতিয়া চৌধুরী এনজিও'র সংজ্ঞা দেন। মতিয়া বলেন, "বাংলাদেশে বিভিন্ন নিবন্ধনকারী কর্তৃপক্ষের আওতাধীন অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে উল্লেখ আছে যারা সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করে। এরা সাধারণত সরকারের সরাসরি নিয়ন্ত্রণমুক্ত থেকে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, মহিলা ও শিশু অধিকার, মানবাধিকার, জনসচেতনতা বৃদ্ধি, দারিদ্র বিমোচনসহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড এবং সিভিল সোসাইটি হিসাবে কাজ করে। এ ধরণের সংস্থাগুলোকে এখন 'এনজিও' বলা হয়। "তাই এনজিও বলতে প্রকৃত অর্থে আমরা স্বেচ্ছাসেবী সংস্থা বুঝে থাকি।" এনজিওগুলো মূলত অনুদানের অর্থে সেবা দেয় বলেও জানান মতিয়া। তিনি বলেন, "সেবার নামে বাণিজ্য করার কোনো সুনির্দিষ্ট তথ্য এনজিও ব্যুরোতে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২৭ ঘ.