মৌলভীবাজার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী ৮ ডাকাতকে ধরে পুলিশ পলিশের কাছে সোপর্দ করেছে।
সে সময় তাদের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি শাবল ও একটি দা উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তারা হলেন- মৌলভীবাজার সদরের মাতারকাপন গ্রামের মো. আল আমিন (২৫) ও নিকুঞ্জ কান্তি দেব (২৭), জুড়ি উপজেলার ভবানীপুর গ্রামের আলম হোসেন (২৫), বড়লেখা উপজেলার গাংকুল গ্রামের ফোরকান আলী (২০), দোয়ালিয়া গ্রামের আব্দুস শহীদ (২০), কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের মুহিত মিয়া (৩২), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর গ্রামের উত্তরপাড়ার দেলোয়ার হোসেন (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের বাইকদা গ্রামের মোল্লাবাড়ির খোকন (৩৬)।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের নারাইনছড়া এলাকায় রাত ২ টার দিকে ডাকাতদলটি পরিত্যক্ত সিনেমা হলের সামনে খোলা মাঠে বসে ডাকাতির শলা পরামর্শ করছিল।
এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ঘিরে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকারিয়া আহমদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩০ ঘ.
bdnews24