ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় সাততলা এক ভবনের ছাদ থেকে শায়লা শরীফ (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পাশের ১৬ তলা গ্রীণ টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
শায়লা বেসরকারি প্রতিষ্ঠান ইফাদ গ্র"পে নির্বাহী সহকারি হিসাবে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। রামপুরা মহানগর প্রজেক্টে বাবা-মায়ের সঙ্গে তিনি বসবাস করতেন।
রামপুরা থানার ওসি সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাততলা ভবনের ওপর মেয়েটির মৃতদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। আমরা মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছি।"
তিনি জানান, গ্রীণ টাওয়ারের ১১ তলায় মেয়েটির খালার বাসা। কিন্তু তিনি সেখানে সোমবার যাননি বলে জানতে পেরেছি।
ওসি বলেন, "কিভাবে মৃত্যু হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।"
পুলিশের সহকারি কমিশনার (এসি) তারেক বিন রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনের ছাদের ৗপরে আমরা মেয়েটির ব্যাগ পেয়েছি। সেখানে একটি কাগজে অফিসের এক সহকর্মীর নাম লিখে লেখা ছিল, 'এই ব্যাগটি যিনি পাবেন, তিনি সঙ্গের টাকাগুলো তাকে দেবেন।' এ থেকে আমরা ধারণা করছি, মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।"
শায়লার পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কিছুদিন ধরে শায়লা মানসিক সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তারেত বিন রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২২১০ ঘ.
bdnews24