২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান বিল প্রত্যাহার দাবি টিআইবির

'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০' প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০' প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিদ্যুৎ-জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে বিলটি প্রত্যাহার করা উচিত বলে মনে করে সংস্থাটি। সোমবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির জন্য বিশেষ ক্ষমতার বিধান রেখে রোববার সংসদে এ বিলটি পাস হয়। এর ফলে সরকার ও সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রয়োজনে বিদেশ থেকে বিদ্যুৎ বা জ্বালানির আমদানি ও তার সঞ্চালন, পরিবহন ও বিপণন সংক্রান্ত পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে পারবে। এজন্য সরকারকে কোনো জবাবদিহিতা করতে হবে না। এ আইনের আওতায় গৃহীত কোনো কার্য, ব্যবস্থা, প্রদত্ত আদেশ বা নিদের্শের বৈধতা সর্ম্পকে কোনো আদালতে প্রশ্নও তোলা যাবে না। বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার রয়েছে। কিন্তু এই বিলের ফলে তার বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।" বিলটির ৯ ধারা অনুযায়ী নতুন আইনে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত কোনো ব্যবস্থা ও সিদ্ধান্ত আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এ বিষয়টি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করে টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, "সরকারি ক্রয় সংক্রান্ত আইনকে পাশ কাটিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি, সঞ্চালন ও বিপণন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তাতে অনিয়ম ও দলীয় প্রভাবের ঝুঁকি বাড়বে।" যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জ্বালানি খাতে ক্রয় সংক্রান্ত উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/পিডি/২০৫১ ঘ.