২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অনলাইনে ভর্তি, ভোগান্তির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে আবেদনকারী ও তাদের অভিভাবকরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে আবেদনকারী ও তাদের অভিভাবকরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরপত্রে বেশ কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের বাবা-মার নামে অসঙ্গতি থাকায় অনেকেই পে-ইন স্লিপ ডাউনলোড করতে পারছেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এমনকি বেশ কয়েকজনের তথ্য ঠিক থাকলেও তারা একই সমস্যার মুখোমুখি হন। কেউ কেউ আবার পে-ইন স্লিপ পেয়ে টাকা জমা দেওয়ার পর ছবি 'আপলোড' করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এ ধরনের সমস্যায় পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু হেল্পলাইন নিয়েও বিস্তর অভিযোগ। ভর্তিচ্ছু মহব্বত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্তত ৫০ বার কল করার পর হেল্পলাইনে সংযোগ পাওয়া যায়। হেল্পলাইন থেকে রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দিতে বলা হয়। আর আবেদনপত্র জমা দেওয়ার ৪৮ ঘন্টা পর টেলিফোন করে এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়।" কিন্তু আবেদনপত্র জমা দিতে গেলে আবার প্রশাসনিক ভবনের এক কক্ষ থেকে আরেক কক্ষে পাঠানো হয় বলে তিনি অভিযোগ করেন। এসব অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রম সংক্রান্ত 'টেকনিক্যাল কমিটির' আহবায়ক অধ্যাপক হাসিবুর রশীদ বলেন, যারা এ ধরনের সমস্যায় পড়ছে তারা রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দেবে। নম্বরপত্র যাচাই করে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীরা তাদের এসব অসঙ্গতি বোর্ড থেকে সংশোধনের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে বলে জানান তিনি। রোববার বিকাল চারটা পর্যন্ত এ ধরনের ২৮০টি আবেদনপত্র জমা পড়ে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষে রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভিড় করেন। সেখানে এক আবেদনকারীর বাবা রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একই মার্কশিট দিয়ে বুয়েট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি। কিন্তু ঢাকা বিশ্বদ্যিালয়ে করতে পারছিনা । এখানে যে ভিড় দেখছি তাতো লাইনে দাঁড়িয়ে ভর্তি ফরম নেওয়ার মতোই।" আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী রোজিনা ইসলাম বলেন, "আমার সবকিছু ঠিক থাকলেও পে-ইন স্লিপ ডাউনলোড করতে পারছি না। রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র দিচ্ছি। দেখা যাক পরে কী হয়?।" একই সমস্যার কথা জানান ভর্তিচ্ছু আবদুল আলী মিন্টু। তবে অনেক আবেদনকারী নির্দিষ্ট মাপের বাইরে স্ক্যানিং করা ছবি জমা দেওয়ার কারণে সমস্যায় পড়ছেন বলে দাবি করেন অধ্যাপক হাসিবুর রশীদ। ঢাকার বাইরের আবেদনকারীরা সমস্যায় পড়লে কী করবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যারা সরাসরি এসে আবেদন করতে পারছে না, তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র স্ক্যান করে হেল্পলাইনে দেওয়া ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেবে। পরে তার নম্বরপত্র যাচাই করে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩১০ ঘ.