নাটোর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) জাতীয় পার্টির সংসদ সদস্য আবু তালহার চুরি যাওয়া গুলিভর্তি পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে তল্লাশি চালিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি বাগান থেকে পিস্তলটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ।
ওইদিন বিকালে সুগার মিলের অতিথি ভবন থেকে সংসদ সদস্য আবু তালহার পিস্তলটি চুরি যায়।
লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিস্তলে ছয় রাউন্ড গুলি ভর্তি ছিল। এছাড়া একটি ক্যালকুলেটর ও ১২ হাজার টাকাও চুরি হয়।"
তিনি জানান, ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও র্যাপিড একশন ব্যাটলিয়নের (র্যাব) সদস্যরা তল্লাশি শুরু করে।
পিস্তলটি পাওয়া গেলেও টাকা ও ক্যালকুলেটর এখনো উদ্ধার করা যায়নি বলে জানান ওসি।
এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সংসদ সদস্য তালহা জানান, অতিথি ভবনের পাশের কক্ষে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তিনি আলাপ করছিলেন। ওই সময় চুরির ঘটনা ঘটে।
পিস্তল ও টাকা বিছানার ওপর একটি হাত ব্যাগে রাখা ছিলো বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৪০ ঘ.
bdnews24