ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ডিজিটাল মানচিত্র তৈরির কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে মানচিত্রের অনেক কাজ এগিয়ে গেছে।
মানচিত্র তৈরি প্রকল্পের সমন্বয়কারী কর্নেল মাহমুদুন নবি এ কথা বলেছেন।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'ইমপ্র"ভমেন্ট অব ডিজিটাল ম্যাপিং সিস্টেম অব সার্ভে বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের কার্যক্রমের উপর অনুষ্ঠিত এক সেমিনারে তিনি একথা বলেন।
মাহমুদুন নবি বলেন, "দেশের ডিজিটাল মানচিত্র তৈরির জন্য ২০০৭ সালে এ প্রকল্প শুরু হয়। নয় বছর মেয়াদী এ প্রকল্প শেষ হবে ২০১৬ সালে।"
দেশের মানচিত্র তৈরির পাশাপাশি সব বিভাগীয় শহরেরও মানচিত্র তৈরি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, "দেশের জন্য ১:২৫০০০ স্কেলের এবং সব বিভাগীয় শহরের জন্য ১:৫০০০ স্কেলের ট্রপোগ্রাফিক্যাল (প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ) ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে।"
"এছাড়া এ প্রকল্পের আওতায় ডিজিটাল পদ্ধতিতে দেশের ভৌগলিক ডাটাবেজ তৈরি এবং ঢাকার মিরপুরের ধামালকোটে ডিজিটাল ম্যাপিং সেন্টার নির্মাণ করা হবে", বলেন মাহমুদুন নবি।
এসব মানচিত্র তৈরির ক্ষেত্রে ডিজিটাল আকাশ আলোকচিত্র, স্যাটেলাইট ইমেজ (পার্বত্য সীমান্ত এলাকার জন্য) এবং মাঠ জরিপের মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
বাংলাদেশ জরিপ অধিদপ্তর (এসওবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটি ডিজিটাল মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। সরকার এ মানচিত্র তৈরির ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে।"
সেমিনারে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত তামতসু শিনাতসুকা, প্রতিরক্ষা সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬১৮ ঘ.
bdnews24