চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের চলমান সংকট দূর করতে ১৫ দিনের মধ্যে একটি উপদেষ্টা কমিটি করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার চট্টগ্রাম ক্লাবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) ও শিপার্স কাউন্সিল আয়োজিত 'বিশ্ব বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দরের গতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
সকাল ১১টায় শুরু হয়ে বেলা তিনটায় শেষ হওয়া বৈঠকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক ও বন্দরের শ্রমিক নেতাসহ ৩৬ জন বক্তব্য দেন।
বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে ও প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটনসহ অন্য সদস্যরা উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ আসেননি।
সঞ্চালকের বক্তব্যে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নৌমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "সংসদীয় কমিটির সদস্যদের অবাঞ্ছিত হস্তক্ষেপ বন্ধ করতে কোনো পদক্ষেপ নিতে পারবেন কি না তা আমরা ব্যবসায়ীরা সরাসরি জানতে চাই। এটা না হলে চট্টগ্রাম বন্দরের অস্তিত্ব বিপন্ন হবে। আপনিই আমাদের সিদ্ধান্ত দিন আমরা ব্যবসা করব কি না।"
চট্টগ্রাম চেম্বারের প্রথম সহ-সভাপতি এমএ ছালাম বলেন, "বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের কেমন যেন অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। গণতান্ত্রিক সরকার আসার পর একবারের জন্য তারা আমাদের ডাকেননি, সমস্যা শুনতে চাননি। আমরা নিজেদের স্বার্থেই বন্দরকে সহযোগিতা করতে চাই।"
তিনি বন্দরে গতিশীলতা ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের আমলের দায়িত্ব পালনরত কর্মকর্তাদের পুনরায় ফিরিয়ে আনারও দাবি জানান।
নৌ-মন্ত্রী তার বক্তব্যে বলেন, "বন্দরের উন্নয়নের দায়ভার নিয়ে পিছিয়ে যাওয়ার লোক আমি নই। বন্দরের উন্নয়নের জন্য নেওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে চাই।"
তিনি বলেন, "বার্থ অপারেটর নিয়ে যে সমস্যা ছিল তা দুই-একদিনের মধ্যে সমাধান করা হবে।"
এছাড়া বন্দরের চলমান সংকট দূর করতে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "১৫ দিনের মধ্যে গেজেট করে এ কমিটি গঠন করা হবে। প্রতিমাসে চট্টগ্রামেই এ সভা অনুষ্ঠিত হবে। এতে বন্দর ব্যবহারকারীদেরও রাখা হবে।"
এছাড়া ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
বন্দরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গত ২৭ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করে বেশকিছু সিদ্ধান্ত নেয়।
শিপিং এজেন্টগুলোর ডিও শাখা ছুটির দিনেও এবং বন্দরের কন্টেইনার সরবরাহের সব গেট বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা এবং আমদানি-রপ্তানি কন্টেইনার পৃথকভাবে রাখতে বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে।
ওই বৈঠকে নেয়া অন্য উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো
bdnews24