ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর তিন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে অন্য দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত মিজানুর রহমানের ভাইয়ের ছেলে তওফিকুর রহমান সুমন এবং বাসার দারোয়ান আকবর হোসেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্তকর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. গিয়াসউদ্দিন শুক্রবার জানিয়েছেন ।
বৃহস্পতিবার তাদের সঙ্গে মিজানের দুই ভাই জাহিদুর রহমান লিপ্টন ও তৌহিদুর রহমান লিঙ্কনকেও আটক করা হয়েছিলো। তবে জিজ্ঞাসাবাদের পর দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার সুমন, লিপ্টনের ছেলে।
পুলিশ কর্মকর্তা গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।"
বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর ফারুক সড়কে মিজানের বাড়িতে ঢুকে মিজানসহ তিনজনকে জবাই ও গুলি করে খুনিরা। এতে মিজানের স্ত্রী বিথী রহমান (৪৫) ও মা সুফিয়া খাতুন (৭৫) ঘটনাস্থলেই মারা যান। গৃহকর্তা মিজান মারা যান হাসপাতালে।
নিহতের ছেলে আশিকুর রহমান বাদি হয়ে রাতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ থেকে মিজানুর রহমানের মৃতদেহ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে মা ও দাদির মৃতদেহ গ্রহণ করেছেন আশিকুর রহমান।
শুক্রবার সন্ধায় জানাজার পরে জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৯০০ ঘ.
bdnews24