ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে চার দশক পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
এ উপলক্ষে গাজীপুরে প্রতিষ্ঠাণ প্রাঙ্গণে সেমিনার, আলোচনা সভা, শোভাযাত্রা হয়। শুক্রবার কেক কেটে চার দশক পূর্তি অনুষ্ঠানের ইতি টানা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্রি'র কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৪০ বছরে ব্রি চারটি হাইব্রিডসহ ৫৭টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দেশে এখন মোট ধান উৎপাদনের ৯০ শতাংশ ব্রি উদ্ভাবিত জাতগুলো থেকে আসে বলে ব্রি'র মহাপরিচালক মো. আব্দুল মান্নান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান।
ব্রি'র অন্য সাফল্যের মধ্যে রয়েছে, ৩৯টি ধানভিত্তিক শস্যক্রম উদ্ভাবন, ২২টি কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়ন, ধানের ৩১টি রোগ এবং ১৭৫টি ক্ষতিকর পোকা সনাক্ত করা এবং বালাই ব্যবস্থাপনা উন্নয়ন।
ব্রি'তে দেশ-বিদেশের আট হাজার ধানের জার্মপ্লাজম সংরক্ষিত আছে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। ধান উৎপাদন সংক্রান্ত প্রকাশনার সংখ্যা ২৩০টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৩ ঘ.
bdnews24