ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়সাহেব বাজারে রোববার দুপুরে একটি সোনার থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট হয়েছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ সুমন কর্মকারকে (২৮) অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রায়সাহেব বাজারের 'রতন স্বর্ণ বিতানে' দুপুর দেড়টার দিকে ৫/৬ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে ঢোকে স্বর্ণালঙ্কার লুট করতে থাকে। এ সময় দোকানের মালিক রতন কর্মকারের ছেলে সুমন কর্মকার তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
দোকান মালিক রতন কর্মকার জানান, জমি সংক্রান্ত একটি বিষয়ে কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। হামলার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।
তবে কী পরিমাণ সোনা ও অর্থ লুট হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি দোকানের মালিক।
তিনি বলেন, "আমি এখন হাসপাতালে। দোকানে না গেলে বলতে পারছি না কী পরিমাণ সোনা ও অর্থ সন্ত্রাসীরা লুট করে নিয়েছে।"
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান রতন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/১৮১০ ঘ.
bdnews24