২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির খুনের আসামি রাজধানীতে গ্রেপ্তার

তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক বেনজির আহমেদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

গাজীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক বেনজির আহমেদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় মামলার এক নম্বর আসামি মোমিন উদ্দিনকে। মোমিন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জারিকারক পদে কর্মরত। তিনি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। মোমিন ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরার চর এলাকার মহর আলীর ছেলে। তিনি গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন সমিতির জেলা শাখার সদস্য সচিব মো. হেলাল উদ্দিন । রাজধানীর রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন জানান, মামলার বাদিপক্ষের খবর পেয়ে রাজধানীর মগবাজার এলাকা থেকে মোমেন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেনজির আহমেদ খুনের মামলা ছাড়াও দুর্নীতির অভিযোগ রয়েছে। ১৪ জানুয়ারি জেলা শহরে সমিতির সভা শেষে কালিয়াকৈর উপজেলার সোহরাব ভাণ্ডারী নামের এক ব্যক্তির বাসা যান বেনজির আহমেদ (৫০)। পরদিন কালিয়াকৈর থানা পুলিশ ভান্নারা গ্রামের একটি টেক (উঁচু ভূমি) থেকে তার লাশ উদ্ধার করে। বেনজির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক ছিলেন। এ ঘটনায় তার বড় ছেলে সফিকুল ইসলাম বাদি হয়ে কালিয়াকৈর থানায় মোমেন উদ্দিনকে এক নম্বর আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন ঢাকায় মোমেন উদ্দিনের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে কালিয়াকৈরে আনার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.