নোয়াখালী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিজয়ী হয়েছে।
১৫টি পদের মধ্যে বাকিগুলো পেয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
শুক্রবার মধ্যরাতে ফল ঘোষণা করা হয়।
আগের দিন সকাল ১১ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সমিতির ৩২৫ জন ভোটারের মধ্যে ৩২২ জন ভোট দেন।
নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট এ এস এম শামসুল ইসলাম সাংবাদিকদের জানান, সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের এ বি এম জাকারিয়া। তিনি পেয়েছেন ১৭৯ ভোট। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবদুর রব পেয়েছেন ১৩১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে জিতেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মঞ্জুরুল কবির। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বাবুল কান্তি মজুমদার পেয়েছেন ১৪১ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি কাজী মীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক এ কে এম বেলায়েত হোসেন ও আমির হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ তুহিন চৌধুরী, সদস্য বাহার উদ্দিন, গোলাম রব্বানী ও আবু রেজা বেলাল উদ্দিন আহম্মদ চৌধুরী।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন-সহসভাপতি এ কে এম শামসুল ইসলাম, সদস্য আবদুল করিম বাবুল, আবু সাঈদ মো. নোমান, কাউসারা বেগম, খায়ের আহমেদ সিদ্দিকী কায়েস ও সহিদ হোসেন।
নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণফোরাম সমর্থক আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে নির্বাচন করেন।
বিএনপি ও জামাতসহ জাতীয়তাবাদী ধারার আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24