পিরোজপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে পৃথক দু'টি সংগঠন কর্মসূচি আহ্বান করায় বৃহস্পতিবার পিরোজপুর শহরের একটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
জেলার ভারপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ আদেশ জারি করেন।
শুক্রবার শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পিরোজপুর জেলা স্কুলের শতবর্ষ উদযাপনের দুদিনের কর্মসূচি শুরুর কথা ছিল। কর্মসূচি পালনে তারা এর মধ্যে পোস্টার লাগানো, দাওয়াতপত্র বিতরণসহ প্রচারণা চালিয়েছে।
অন্যদিকে শুক্রবার বাদ জুমা শোকরানা মাহফিলের কর্মসূচি দিয়েছে জেলা ছাত্রলীগ। এর আগে তারা সেখানে সভা আহ্বান করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হস্তগত হওয়া ম্যাজিস্ট্রেটের এ লিখিত আদেশে বলা হয়, শুক্রবার ও শনিবার শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ বন্ধ থাকবে।
দুটি সংগঠন একই স্থানে কর্মসূচি আহ্বান করায় পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে বলে আদেশে বলা হয়।
সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি বালক বিদ্যালয় এলাকায় এখনো কোনো পুলিশ মোতায়েন করা হয়নি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান রাজু শোকরানা মাহফিলের কর্মসূচি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আগে সেখানে সভা ডেকেছিলেন। এ ব্যাপারে মাইকিংও করেছেন। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় সভার পরিবর্তে শোকরানা মাহফিলের কর্মসূচি দেওয়া হয়।
জেলা স্কুলের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24