২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সব রুটে বাস চলাচল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 05:58 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সব রুটে বাস চলাচল করবে। বুধবার রাতে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত হয়। শ্রমিকদের কাছে হেনস্তা হওয়ার প্রতিবাদে জেলা পরিবহন মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকে। বুধবার রাতে পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত শ্রমিক নেতারা গত মঙ্গলবার মালিক সমিতির নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তারা মালিক সমিতির কার্যক্রমে ভবিষ্যতে হস্তক্ষেপ না করাসহ নিয়ম-কানুন মেনে চলার অঙ্গীকার করেন। এ বিষয়ে মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোন্দকার এবি সিদ্দীক ইনছু মিয়া বলেন, শ্রমিকরা ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে জনস্বার্থের কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।" বাসে অতিরিক্ত যাত্রী উঠানোকে কেন্দ্র করে শ্রমিকরা মঙ্গলবার বিকালে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্করসহ কয়েকজনকে লাঞ্ছিত করে। এরপর মালিক সমিতি রাতে জরুরি সভা ডেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। তারা ওই ঘটনার জন্য দায়ী শ্রমিকদের গ্রেপ্তারেরও দাবি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২৩৪৮ ঘ.