২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে খুনিদের কাছে স্বজনরা

রিভিউ আবেদন খারিজের পর বুধবার দুপুরের পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর পাঁচ খুনির সঙ্গে দেখা করছেন তাদের স্বজনরা।(আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 10:06 AM

Updated : 24 Aug 2022, 06:25 PM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিভিউ আবেদন খারিজের পর বুধবার দুপুরের পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর পাঁচ খুনির সঙ্গে দেখা করছেন তাদের স্বজনরা। তারা জানান, আপিল বিভাগ রায় পর্যালোচনার আবেদন খারিজ হওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ তাদের দেখা করার তাগিদ দিয়ে টেলিফোন করে। রায় পর্যালোচনায় আবেদন সকালে খারিজ করে সর্বোচ্চ আদালত। ফলে খুনিদের ফাঁসির রায় কার্যকরে আইনগত আর কোনো বাধা থাকলো না বলে আইনজীবীরা বলছেন। আইনমন্ত্রী শফিক আহমেদ দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, কারাবন্দি পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ ৩১ জানুয়ারির মধ্যে কার্যকর হবে। দণ্ডিত বজলুল হুদার বোন মাহফুজা পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা কর্তৃপক্ষ আমাদের ফোন করে ভাইয়ের (বজলুল হুদা) সঙ্গে দেখা করতে আসার জন্য বলেছেন। "কয়জন দেখা করতে আসব- এ কথা জানতে চাইলে তাগাদা দিয়ে বলা হয়েছে, তাড়াতাড়ি আসেন।" বেলা সাড়ে ৩টার দিকে বজলুল হুদার ১০ জন স্বজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার। এর আগে কখনো একসঙ্গে এতজনকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। প্রায় সোয়া ১ ঘণ্টা পর তারা বেরিয়ে এলে ঢোকেন এ কে এম মহিউদ্দিনের স্বজনরা। হোসনে আরা মহিউদ্দিনও স্বামীর সঙ্গে দেখা করতে কারাগারে ঢোকেন। পৌনে ৬টার দিকে তারা বেরিয়ে এলে ঢোকেন সৈয়দ ফারুক রহমানের মা মাহমুদা রহমানসহ তার চার আত্মীয়। রাত পৌনে ৮টার দিকে ফারুকের স্বজনরা বেরিয়ে গেলে কারাগারে ঢুকেন শাহরিয়ার রশিদ খানের স্বজনরা। মেয়ে শাহনাজ রশিদসহ পরিবারের ১৮ জন গেছেন শাহরিয়ারের সঙ্গে দেখা করতে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে কারাগারে ঢুকেন মহিউদ্দিনের স্বজনরা। স্ত্রী শাহিদা মহিউদ্দিনসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করে ৮টা ৫৪ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসেন। পরে শাহিদা মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "আমার স্বামী প্যারালাইজড, অসুস্থ। তার স্বাস্থ্য খারাপ। আমরা তার চিকিৎসার আবেদন জানিয়েছি। কারা কর্তৃপক্ষ আমাদের চিকিৎসার বিষয়ে আশ্বাস দিয়েছেন।" তিনি আরো জানান, কর্তৃপক্ষ তাদের সবার টেলিফোন নম্বর রেখে দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যের খোঁজ দেওয়া হবে বলেও জানান শাহিদা। ফারুকের স্বজনরা এখনো কারাগার থেকে বের হয়ে আসেননি। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/২১০০ ঘ.