২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচনে অনিশ্চয়তা দেখছেন সাখাওয়াত

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী মার্চে করার প্রস্তুতি নিয়ে এগোলেও ওয়ার্ড সীমানা নিয়ে একটি রিট আবেদন হওয়ায় তা অনিশ্চয়তার মধ্যে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 10:06 AM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী মার্চে করার প্রস্তুতি নিয়ে এগোলেও ওয়ার্ড সীমানা নিয়ে একটি রিট আবেদন হওয়ায় তা অনিশ্চয়তার মধ্যে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "মার্চে ডিসিসি নির্বাচন করতে না পারলে এ বছর আর তা করা সম্ভব হবে না।" ঢাকার ১৭ নম্বর ওয়ার্ডের শামীম মোল্লা নামে এক ব্যক্তির আবেদনে সোমবার হাইকোর্ট জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে। রিটের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে-এমন আশঙ্কা প্রকাশ করে সাখাওয়াত বলেন, "আমরা যখন ডিসিসি'র নির্বাচনের জন্য প্রস্তুত, তখনই এ ধরনের রিট উদ্দেশ্যমূলক। নির্বাচন পিছিয়ে দিতেই এ ধরনের রিট করা হয়েছে।" তিনি জানান, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের সাংবিধানিক এখতিয়ার ইসির থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ারেই রয়েছে সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ। হাইকোর্টের রুলে জবাব কবে নাগাদ দেওয়া হবে- জানতে চাওয়া হলে সাখাওয়াত বলেন, "এখন পর্যন্ত ইসির কাছে আদালতের আদেশ পৌঁছায়নি। আদেশ হাতে পেলেই তার জবাব দেওয়া হবে।" নির্বাচন পেছানো এড়াতে এ ধরনের আর কোনো রিট আবেদন না করার আহ্বান জানান নির্বাচন কমিশনার। সাখাওয়াত বলেন, "শুধু মামলার কারণেই ১৮/২০ বছর ধরে ঝুলে আছে অনেক ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখন ডিসিসি'র নির্বাচনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আহ্বান জানাই, আর যেন কেউ রিট না করে।" স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন মে মাস থেকে শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। সাখাওয়াত বলেন, "উপকূল ও হাওর এলাকায় প্রথমে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু করে পর্যায়ক্রমে সব নির্বাচন করা হবে। এ বছরই তা শেষ করতে চাই।" আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ভোলা-৩ আসনের সাংসদ জসিম উদ্দিনের সদস্যপদ নিয়ে হাইকোর্টের নির্দেশনা ইসির আইনজীবীর কাছে পৌঁছেছে। এ বিষয়ে আইনজীবীর মতামত নেওয়ার পর কমিশন বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করবে। হাইকোর্ট আওয়ামী লীগের জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল করে ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির হাফিজউদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণার নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬০০ ঘ.