ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মচারী নিয়োগ নিয়ে জটিলতা এবং আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে প্রত্যাহার করেছে সরকার।
সেখানে নতুন নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক।
সেনা কর্মকর্তা বজলে কাদেরকে প্রেষণে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। নতুন নিয়োগও প্রেষণে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করেছে। তবে মঙ্গলবার এগুলো প্রকাশ হয়।
সরকারি আদেশে অবশ্য পরিবর্তনের কারণ বলা হয়নি। তবে গত কিছুুদিন ধরেই কর্মচারী নিয়োগ নিয়ে আন্দোলন চলছিলো। কর্মচারীরা বজলে কাদেরকে কয়েকদিন তার কার্যালয়ে অবরুদ্ধও করে রাখে।
সরকারি আদেশে বলা হয়েছে, বজলে কাদেরকে তার পূর্ব কর্মস্থল সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার আরো কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রশাসনে নিয়োগ ও প্রত্যাহারের আদেশ হয়েছে।
এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ।
একই মন্ত্রণালয়ের অধীনে সিএমএসডি'র পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা কর্নেল আবদুর রব মিয়াকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের চাকরি ন্যস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) নিবন্ধক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুর রহমান ও বিইউপিতে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আলমকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। এই দুই কর্মকর্তা বিইউপিতে প্রেষণে নিযুক্ত ছিলেন।
বিইউপিতে নতুন করে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর মমতাজ আলা শিব্বির আহম্মদ। তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪২০ ঘ.
bdnews24