২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে সড়ক অবরোধ ডেকেছে ছাত্র পরিষদ

সম্মেলনে যেতে বাধা ও হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

রাঙামাটি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্মেলনে যেতে বাধা ও হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাঘাইছড়ি-দীঘিনালা-বাঘাইহাট সড়কে এই অবরোধ চলবে বলে জানিয়েছেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর কবির। এদিকে, ভূমির নিয়ন্ত্রণ নিয়ে আদিবাসীদের ওপর হামলার অভিযোগ করে সোমবার বিকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বরবারে স্মারকলিপি দিয়েছে। বাঘাইছড়ির সাজেক এলাকায় ভূমি নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে রোববার দিনভর সড়ক অবরোধ কর্মসূচি পালন করে 'সাজেক নারী সমাজ' নামের একটি সংগঠন। সাজেকে পুর্নবাসিত বাঙালিদের সরিয়ে দেওয়া, বেদখল ভূমি উদ্ধারসহ চার দফা দাবিতে নারী সমাজের ডাকা অবরোধে আদিবাসীরা রাস্তায় নেমে আসে। অবরোধকারীরা পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়িগামী একটি বাসে হামলা চালায় বলে অভিযোগ করে সংগঠনটি। অন্যদিকে আদিবাসীরা অভিযোগ করেন, ছাত্র পরিষদের নেতাকর্মীরা উপজেলা সদরে ফিরে আদিবাসীদের ওপর হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হন। এছাড়া তারা একটি স্কুলে আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করে বলেও তারা অভিযোগ করেন। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ পাহাড়ি বসবাসকারী শিক্ষার্থীদের সংগঠন। তারা পার্বত্য শান্তিচুক্তির বিরোধী। সংগঠনটির সভাপতি আলমগীর সাংবাদিকদের জানান, ছাত্র পরিষদের নেতাকর্মীবাহী গাড়ি ভাংচুর, মারধর, বাঘাইহাটে বাঙালিদের জিম্মি করা ও বাঘাইহাট বাজার বর্জন করার প্রতিবাদে তারা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন। এদিকে, জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা বিকালে ৪টার দিকে শহরের রাজবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বনরূপা এলাকা হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। দলের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন। এরপর সেখানে তারা সমাবেশ করেন। বক্তারা বাঘাইছড়িতে আদিবাসীদের ওপর হামলায় জড়িত পুর্নবাসিত বাঙালিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা অবৈধ বসতি স্থাপন বন্ধ, বাঘাইহাট এলাকা থেকে পুর্নবাসিত বাঙালিদের সরিয়ে নেওয়া ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী সকল অস্থায়ী ক্যাম্প ও 'অপারেশন উত্তরণ' প্রত্যাহার করারও দাবি জানান। জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় ছাত্র ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক উষাতন তালুকদার, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উদয়ন ত্রিপুরা, জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বোধিসত্ব চাকমা ও পার্বত্য মহিলা সমিতির নেত্রী সুপ্রভা চাকমা। পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসন করা হয়, যা নিয়ে পাহাড়িরা আপত্তি জানিয়ে আসছিলো। এক পর্যায়ে শান্তি বাহিনী গঠন করে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নেয় পাহাড়িরা। সমস্যার সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তির পর তারা অস্ত্র ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.