নোয়াখালী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর চাটখিল উপজেলায় রোববার ভোররাতে একদল ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ কর্মকর্তারা।
তারা জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি বন্দুক, ৩০ রাউন্ড কার্তুজ, তিনটি কার্তুজের খোসা, একটি চাপাতি ও বেশকিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) হারুনুর রশিদ হাযারী সাংবাদিকদের জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে রাত আড়াইটার দিকে চাটখিল থানার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার প্রসাদপুর গ্রামের সোমপাড়া কলেজ এলাকায় অভিযান চালায়।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪-১৫ জনের ডাকাত দলটি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা ২০ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে পাওয়া যায়।
এরা হলেন- শহিদুল ইসলাম কিরণ, শহিদুল ইসলাম শহিদ, ইউসুফ ওরফে মিন্টু ও রাসেল। সকালে এদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকাতদের ধাওয়া করতে গিয়ে আহত হন ওসি হুমায়ুন কবীর। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসপি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুল ইসলাম কিরণের বাড়ি চাটখিলের গোফাইবাগ গ্রামে। তিনি অস্ত্র ও ডাকাতির একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
ইউসুফ ওরফে মিন্টুর বাড়ি একই উপজেলার সোমপাড়া, রাসেলের বাড়ি দশানী টগবা ও শহিদুল ইসলাম শহিদের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া এলাকায়।
এ ব্যপারে চাটখিল থানায় অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দ'ুটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24