রাঙামাটি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভূমি নিয়ে পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের পর রোববার সকাল থেকে সড়ক অবরোধ পালিত হচ্ছে।
সেখান থেকে বাঙালিদের সরিয়ে নেওয়া, ভূমি সমস্যায় সমাধানসহ কয়েকটি দাবিতে 'সাজেক নারী সমাজ' সকাল-সন্ধ্যা অবরোধ ডাকায় দীঘিনালা-বাঘাইছড়ি-বাঘাইহাট সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
নারী সমাজের ডাকা এ কর্মসূচি সফল করতে পাহাড়ি নারী-পুরুষ সবাই রাস্তায় নেমে এসেছে বলে স্থানীয়রা জানায়।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সকাল ৬টা থেকে বাঘাইছড়ি উপজেলা সদরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পাহাড়িরা। নয় মাইল এলাকায় মারিশ্যা থেকে খাগড়াছড়িগামী একটি গাড়িও ভাংচুর করেছে তারা।
বাঘাইহাট বাজার ও গঙ্গারামমুখ এলাকায় 'ভূমি দখল' নিয়ে শনিবার পাহাড়ি-বাঙালিরা মুখোমুখি অবস্থান নেয়।
রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী রোববার সকালে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
তবে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসন করা হয়, যে নিয়ে পাহাড়িরা আপত্তি জানিয়ে আসছিলো। এক পর্যায়ে শান্তি বাহিনী গড়ে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নেয় পাহাড়িরা।
সমস্যার সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তির পর সশস্ত্র পাহাড়িরা অস্ত্র ত্যাগ করে।
চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি পরিষেদের চেয়ারম্যান ও বিলুপ্ত শান্তি বাহিনীর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) শনিবার শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিরাজমান সব বাধা অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24