২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে রাবি ছাত্রীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 12:51 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে কাটা পড়ে শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শামসাদ পারভীন অনু (২১) ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরে রমেছা মহল নামের ছাত্রীনিবাসে থাকতেন। অনু ফরিদপুরের মধুখালী উপজেলার কাদির পাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। প্রত্যক্ষদর্শী রহিদুল ইসলাম ও রমেলা খাতুন সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালায়ের পাশের বধ্যভূমি এলাকায় অনু মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের মাঝ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাকে সামনে থেকে চাপা দেয়। মতিহার থানা ও রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। অনুর মৃত্যুর খবর পেয়ে ফার্মেসি বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ময়নাতদন্ত শেষে লাশ তার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বলেন, মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি অনুসন্ধান করবে। অনু বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস করেছেন বলে সহপাঠী সাইফুল ইসলাম আরমান জানান। এর আগে সকাল ৮টার দিকে মেস থেকে ক্লাসে যান বলে জানান রমেছা মহল ছাত্রীনিবাসে তার রুমমেট উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তাহমিনা। বড় বোন শাহানাজ বেগম জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে অনু সবার ছোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪১ ঘ.