২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকৃত দুটি ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

কুষ্টিয়া থেকে ছিনতাই হওয়া একটি রড বোঝাই ট্রাকসহ দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে মাদারীপুর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 11:28 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

মাদারীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া থেকে ছিনতাই হওয়া একটি রড বোঝাই ট্রাকসহ দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে মাদারীপুর থেকে। শনিবার সকালে জেলার সদর উপজেলার কাজীর টেক এলাকা থেকে ট্রাক দুটি উদ্ধার করে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয় দুজনকে। এরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার আফজাল হোসেন সরদার (২৬) ও ফিরোজ আলম (৩৭)। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর হাসান সাংবাদিকদের জানান, গত ১৮ জানুয়ারি রাতে রডভর্তি একটি ট্রাক যশোর থেকে রাজশাহী যাওয়ার পথে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ছিনতাই হয়। পরদিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার কাজীর টেক এলাকায় ট্রাক থেকে রড নামানো হয়ছ বলে র‌্যাব খবর পায়। র‌্যাব কর্মকর্তা জানান, এই খবরের ভিত্তিতে কাজীর টেক এলাকায় অভিযান চালিয়ে এই ট্রাকসহ (যশোর ট-৬৩৭,ঢাকা-ড-১৫৮৫) দুটি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাক ও আটক দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.