ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম দেওয়া নিয়ে বচসার জের ধরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখারপুলের খাবারের দোকান মিতালীতে ভাঙচুর চালিয়েছে একদল ছাত্রলীগ কর্মী।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে শহীদুল্লাহ হলের অপু (পদার্থ বিজ্ঞান, ২য় বর্ষ) এবং মোতালেব (প্রাণীবিদ্যা ২য় বর্ষ) মিতালীতে খেতে যান। খাওয়া শেষে অপু বিল কম রাখতে বলে। এনিয়ে অপুর সঙ্গে ম্যানেজারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু হল থেকে আরো কয়েকজন ছাত্রকে নিয়ে এসে ভাংচুর এবং ম্যানেজারকে মারধর করে। ভাঙচুরকারীদের হাতে রামদা, চাপাতি ও হকিস্টিক ছিল।
বংশাল থানার কর্তব্যরত কর্মকর্তা মো: আ: জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে।
তার দাবি, ম্যানেজার প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত টাকা রেখে দিতে চাইলে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/২১৪৯ ঘ.
bdnews24