নওগাঁ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর আদমদীঘি উপজেলার কোঁচকুড়ি গ্রামে কবর খোঁড়ার সময় ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা গুলি থ্রি নট থ্রি রাইফেলের বলে জানিয়েছেন আদমদিঘী থানার ওসি মোজাম্মেল হক।
তিনি জানান, সালেহা বেওয়া (৭০) নামে এক মহিলাকে দাফন করতে কবর খোঁড়ার সময় খননকারীরা এসব গুলি পান। পরে তারা এগুলো নসরতপুর ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক খন্দকারের কাছে দেন। রাতে চেয়ারম্যান সেগুলো থানায় হস্তান্তর করেন।
ওসি জানান, গুলিগুলো বেশি দিনের পুরনো নয়। তবে ব্যবহার যোগ্য কিনা তা পরীক্ষা করা ছাড়া বলা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24