২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার পশুসম্পদ অধিদপ্তরের সহকারী ভাণ্ডার কর্মকর্তা (স্টোর অফিসার) মো. আফসার আলী মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 11:53 AM

Updated : 24 Aug 2022, 06:17 PM

বাগেরহাট, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার পশুসম্পদ অধিদপ্তরের সহকারী ভাণ্ডার কর্মকর্তা (স্টোর অফিসার) মো. আফসার আলী মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদ অর্জনের তথ্য গোপন, জানা আয়ের বাইরে সম্পদ অর্জন এবং তা ভোগ দখলে রাখার অভিযোগে আফসারের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) এবং ২৭ (১) ধারায় মামলা (নম্বর-২৩) করা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে দুদক কর্মকর্তা জানান, ২০০৯ সালের ৫ মে আফসার আলীর সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ দেয়। তিনি (আফসার) ২৭ মে সম্পদ বিবরণী জমা দেন। এতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৭৩ লাখ ১৮ হাজার টাকার সম্পদের হিসাব দেন তিনি। পরে দুদক'র অনুসন্ধানে দেখা যায়, ২০০৮-০৯ করবর্ষে আয়কর নথিতে আফসার সম্পদের পরিমান দেখিয়েছেন ৭৭ লাখ ৯৭ হাজার ৭১৮ টাকা। অন্যদিকে দুদকে দেওয়া সম্পদের বিবরণীতে তিনি ১৯ লাখ ৮ হাজার ৫০৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সব মিলিয়ে তার অর্জিত সম্পদের প্রকৃত পরিমান ৯৭ লাখ ৬ হাজার ২২৩ টাকা। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আফসারের সম্পদের পরিমান ২৩ লখ ৮৮ হাজার ২২৩ টাকা। আফসার আলী মল্লিকের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের টোলারবাগ এলকায় বসবাস করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৫ ঘ.