২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালুমহাল ইজারায়ও দরপত্র

অনিয়ম রোধে বালুমহালও দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 11:24 AM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম রোধে বালুমহালও দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে লাইসেন্সধারী আবেদনকারীদের বালুমহাল ইজারা দেওয়া হচ্ছে। এ পদ্ধতি পরিবর্তন করে দরপত্রের বিধান রেখে বালুমহাল ইজারার আইনের খসড়া তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন শাখার উপ-সচিব শংকর চন্দ্র বসু বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রস্তাবিত আইনের খুঁটিনাটি বিশ্লেষন করে খসড়াটি চূড়ান্ত করতে আইন শাখার যুগ্ম-সচিবের নেতৃত্বে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটিকে এ মাস সময় দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্র"য়ারির দ্বিতীয় সপ্তাহে এটি মন্ত্রিপরিষদে পাঠানো হতে পারে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন নদী এলাকার বালুমহাল ইজারা দেওয়ার মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। আগে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব ইজারা দেওয়া হতো। কিন্তু ১৯৯১ সালে বিএনপি সরকার একটি আইনের মাধ্যমে বালুমহালের একটি বড় অংশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নেয়। এছাড়া নদীর সংশ্লিষ্টতা থাকায় নৌ-পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয়ও এর কিছু অংশের ইজারা দেওয়ার দায়িত্ব পায়। ইজারার দায়িত্ব জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্থানান্তরের পর থেকে লাইসেন্সসহ আবেদনের মাধ্যমে বালুমহাল ইজারা শুরু হয়। অভিযোগ রয়েছে, এ পদ্ধতিতে বালুমহালগুলোর মূল্য নির্ধারণ ও মূল্যায়নের সুযোগ না থাকায় দলীয় পরিচয়ে প্রভাবশালীরা ইজারা নিচ্ছে। অনেকে বালুমহালের এক পঞ্চমাংশ অথবা এক চতুর্থাংশের ইজারা নিয়েও পুরোটাই নিয়ন্ত্রণ করে। ফলে সরকারকে রাজস্ব হারাতে হচ্ছে। এ অবস্থার অবসানে ২০০৫ সালে দরপত্রের মাধ্যমে বালুমহাল ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এপর ২০০৮ সালে বালুমহাল ইজারার জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ গঠন এবং দরপত্রের মাধ্যমে ইজারা পদ্ধতি প্রচলনের জন্য নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ বর্তমান সরকারের সময় বালুমহাল ইজারা পদ্ধতি পরিবর্তনে সাতজন সচিব ও একজন অতিরিক্ত সচিবকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বর্তমানে আইনটি চূড়ান্ত পর্যায়ে এনেছে। কমিটি বৃহস্পতিবার ভূমিসচিব আতাহারুল ইসলামের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক করেছে। কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৭ ঘ.