জামালপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ থেকে অপহৃত এক ব্যক্তিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে বুধবার রাতে উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার কাউনিয়ার চর এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
উদ্ধার করা ব্যক্তি হলেন- ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার বড়জুড়া গ্রামের আবু তালেবের ছেলে সুরুজ মিয়া (১৮)। গত ১৪ জানুয়ারি তাকে অপহরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নয়ার চরের (আজনীরপাড়া) আবুল কাশেম (৪৫), মোজাম্মেল (৩৬) ও তাজেল মণ্ডল ওরফে তাজ উদ্দিন (৪২), শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হলদি গ্রামের নুরুল হক (৩৫) ও তার ভাই হবিবুর রহমান (৩০), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ডগার চরের বাদশা আলম (৫০), বকশিগঞ্জের ঘাষিরপাড়ার আমিনুল হক (৪৫) ও হেকিম উদ্দিন (৩৫)।
র্যাব কর্মকর্তা মাহফুজুল হক বলেন, চাকরির প্রলোভন দিয়ে সুরুজকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। সুরুজের পরিবারের সঙ্গে তাদের দুই লাখ টাকায় রফা হয়।
র্যাবের পরামর্শ অনুযায়ী সুরুজের বাবা দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর এলাকায় টাকা দিতে যান। র্যাব সদস্যরা সেখানে ফাঁদ পেতে সুরুজকে উদ্ধার ও চার অপহরণকারীকে গ্রেপ্তার করেন।
তিনি জানান, অপহরণকারী দলের অপর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে অপহরণকারী দলের আরো চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় রাম দা, ছোরা, বল্লম, জাল ডলার ও টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24