গাজীপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনের সময় বুধবার রাতে গাড়ি চাপায় মারা গেছেন এক পুলিশ সদস্য।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুর সাত্তার (৫৬) নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ইজতেমায় দায়িত্ব পালনের জন্য তিনি টঙ্গী আসেন।
ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৯ জানুয়ারি রাজশাহী থেকে ইজতেমায় দায়িত্ব পালন করতে টঙ্গী আসেন সাত্তার। সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় বুধবার রাত ১২টার দিকে একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা বলতে পারেননি পুলিশ কর্মকর্তা নাহিদ।
টঙ্গী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু জানান, নিহতের লাশ তার গ্রামে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24