ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত পাঁচ বছরে বাংলাদেশে নতুন ২৫ লাখ ধূমপায়ী যোগ হয়েছে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে।
ইন্টারন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল পলিসি ইভ্যালুয়েশন প্রজেক্ট (আইটিসি প্রজেক্ট) এর আওতায় প্রথম আইসিটি বাংলাদেশ সমীক্ষায় এ চিত্র দেখা গেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক নিগার নার্গিস এ সমীক্ষা উপস্থাপন করেন।
উপস্থাপক নিগার নার্গিস জানান, প্রতি বছর বিশ্বে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত বছরে বাংলাদেশে ধূমপানকারীর সংখ্যা ১.৪% বেড়েছে যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি।
প্রতিবেদনে ধূমপায়ীর সংখ্যা কমানোর জন্য তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
বান্দরবান এলাকায় তামাক চাষে উৎসাহ দেওয়া হচ্ছে মন্তব্য করে নিগার নার্গিস বলেন, " তামাক চাষীদের কোনভাবেই উৎসাহিত করা যাবে না।"
তিনি বলেন, প্রতিবছর যে হারে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে সে হারে তামাকজাত দ্রব্য, বিড়ি এবং সিগারেটের দাম বাড়েনি বলে ধূমপায়ীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এসএম আশিকুজ্জামান, একেএম গোলাম হোসাইন, কানাডার মেরি থমসন প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এতে উপস্থিত ছিলেন।
আইটিসি প্রজেক্ট, কানাডার ওয়াটারলু ইউনির্ভাসিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি গবেষণা ব্যুরো যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24