রংপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় মঙ্গলবার গভীর রাতে পুলিশ রংপুর শহর থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- শহরের আলমনগর খামার এলাকার ওয়াহিদ মুরাদ ওরফে মাইকেল, মধ্য আশরতপুর মহল্লার আব্দুল মজিদ ও উত্তর আশরতপুর মহল্লার মো. আজাদ। তাদের কাছ থেকে একটি বড় চাপাতি ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে ।
পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীর বুধবার বিকালে কোতয়ালি থানায় সাংবাদিকদের বলেন, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার তিনজন শহরে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
কোতয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, এ ঘটনায় উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24