২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় চারটি লাশ উদ্ধার

সিরাজগঞ্জ, বরগুনা ও খুলনায় চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 04:04 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, বরগুনা ও খুলনায় চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জের দুইজন গত ১০দিন আগে নিখোঁজ হন। তাদের লাশ বুধবার এবং অপর দুইটি লাশের মঙ্গলবার উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলার নিখোঁজ দুই যুবকের লাশ বুধবার বিকেলে উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাতী গ্রামের মো. রেজাউল ইসলাম (৩০) ও তার বন্ধু একই ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রেজাউল (২৭)। রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. মাহফুজ জামান আশরাফ সাংবাদিকদের বলেন, রায়গঞ্জ ও বগুড়ার শেরপুর থানার পুুলিশ যৌথভাবে শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের একটি ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে। তিনি বলেন, "পুলিশের ধারণা, অপহরণকারীরা মুক্তিপণের টাকা না পেয়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় আরো কিছু তথ্য তদন্তের স্বার্থে আপাতত বলা সম্ভব হচ্ছে না।" নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। নিহত রেজাউল ইসলামের বড় ভাই ফরহাদ সাংবাদিকদের জানান, গত ১০ জানুয়ারি (রোববার) রাতে রেজাউল ইসলাম ও তার বন্ধু রেজাউল মোটরসাইকেলে পাশের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল মোড়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন এক ব্যক্তি মোবাইল ফোনে তার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং পুলিশকে জানাতে নিষেধ করে। ওইদিনই তিনি বিষয়টি রায়গঞ্জ থানার ওসি সামসুল হক ও সলঙ্গা থানার ওসি ফাইজুল ইসলামকে অবহিত করে উভয় থানায় জিডি করেন। বরগুনা: আমতলী উপজেলার পশ্চিম চিলার খাল থেকে মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪০) লাশ উদ্ধার হয়েছে। আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, হলদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদকে সঙ্গে নিয়ে তিনি লাশটি উদ্ধার করেন। আমতলী থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। খুলনা: ডুমুরিয়া উপজেলার লতা গ্রামের বাইপাস সড়কের পাস থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) জবাই করা লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পুলিশ লাশটি উদ্ধার করে বলে ডুমুরিয়া থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "মঙ্গলবার রাত ১১টার দিকে খবর পেয়ে টহল পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।" বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত যুবকের পরনে জিন্সের শার্ট ও প্যান্ট ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২১৫০ ঘ.