২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনপ্রিয়তা যাচাইয়ে কিছু এলাকায় নির্বাচন দিন'

কিছু এলাকায় নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু এলাকায় নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দায় বিরোধী দলকে দমাতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, "বিরোধী দলকে দমাতে মহাজোট সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দায় আমাদের ওপর মামলা-হামলা করছে। এভাবে বিএনপির অগ্রযাত্রাকে দমানো যাবে না। এভাবে সরকার তার জনপ্রিয়তার ধস ও তাদের পতন ঠেকাতে পারবে না।" দেলোয়ার বলেন, "আমি মধ্যবর্তী নির্বাচনের কথা বলছি না। কিছু এলাকায় নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাছাই করুন। জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দেবে।" এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবি জানান। দেলোয়ার বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক ও মিথ্যা মামলাগুলো বর্তমান সরকার প্রত্যাহার তো করছেই না। বরং আরো মামলা দিচ্ছে। সর্বশেষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এভাবে মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।'' বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের বিরুদ্ধে মামলা থাকায় তারাসহ সিনিয়র নেতারা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ছাত্রদলের সহ-সভাপতি আলী হায়দার লেনিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক গোলাম মাওলা শাহিন, মহানগর দক্ষিণের আহবায়ক হাবিব উর রশীদ হাবিব বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৯৩৪ ঘ.