ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দায় বিরোধী দলকে দমাতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "বিরোধী দলকে দমাতে মহাজোট সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দায় আমাদের ওপর মামলা-হামলা করছে। এভাবে বিএনপির অগ্রযাত্রাকে দমানো যাবে না। এভাবে সরকার তার জনপ্রিয়তার ধস ও তাদের পতন ঠেকাতে পারবে না।"
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের শীর্ষ নেতাদের ওপর 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিও জানান তিনি।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই আলোচনা সভাা আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৮৫৮ ঘ.
bdnews24