ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভুয়া' ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সাংসদদের নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের তালিকা 'যাচাই-বাছাইয়ের' পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নকাল পর্বে আওয়ামী লীগ সাংসদ জয়নাল আবেদিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "জোট সরকারের আমলে মনগড়া তালিকা করে ভুয়া ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তারা বাদ দিয়েছে। এ অবস্থা চিরতরে বন্ধ হওয়া উচিত।
"আমি এমপি সাহেবদের বলব, আপনারা নিজ নিজ এলাকাভিত্তিক মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই করে ভুয়াদের চিহ্নিত করুন।''
প্রধানমন্ত্রী এ সময় ক্ষোভের সুরে বলেন, "জোট সরকার মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যা করেছে তা গ্রহণযোগ্য নয়। আসলে আমাদের রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা থাকা উচিত ছিল।"
আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি ও তাদের রাষ্ট্রীয়ভাবে সনদপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে ৭০ হাজার সনদপত্রে সই করেছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, "জোট সরকার এসে ওই সার্টিফিকেট ও তালিকা বাতিল করে দেয়। অনেক ভুয়া নাম তারা ঢুকিয়েছে।"
বিভিন্ন সরকারের সময় মুক্তিযোদ্ধাদের একাধিক তালিকা তৈরি হয়েছে যা নিয়ে উভয়পক্ষ ত্র"টি ও দলীয়করণের অভিযোগ তুলেছে।
ওয়ারেসাত হোসেন বেলালের এক সম্পূরক প্রশ্নের সূত্র ধরে প্রধানমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে বলেন, জিয়া কর্নেল তাহের ও ব্রিগেডিয়ার খালেদ মোশাররফসহ অনেক মুক্তিযোদ্ধাকে 'হত্যা করিয়েছেন'।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের 'সিপাহী বিপ্লবে' ভূমিকার জন্য জিয়াউর রহমানের সামরিক শাসনামলে এক বিতর্কিত বিচারে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়। ওই দিনই সেনাবাহিনীর সিজিএস খালেদ মোশাররফসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে 'জিয়ার অনুগতরা' হত্যা করে।
বুধবার বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
দিনের কর্মসূচিতে প্রথমেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এজন্য ৫টি প্রশ্ন নির্ধারিত ছিল। তিনি এ থেকে তিনটি প্রশ্ন ও সাতটি সম্পূরক প্রশ্নের জবাব দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মী নিয়োগের পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা মানা হচ্ছে না
bdnews24