২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তিস্তা নিয়ে অস্থায়ী চুক্তি চায় ঢাকা'

শুকনো মৌসুমে সঙ্কটে পড়ার আগেই তিস্তার পানি বণ্টন নিয়ে আপাতত অস্থায়ী ভিত্তিতে একটি চুক্তি করতে চায় বাংলাদেশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 09:05 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুকনো মৌসুমে সঙ্কটে পড়ার আগেই তিস্তার পানি বণ্টন নিয়ে আপাতত অস্থায়ী ভিত্তিতে একটি চুক্তি করতে চায় বাংলাদেশ। (আরো তথ্যসহ) পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী মার্চে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরপরই এ অস্থায়ী চুক্তির উদ্যোগ নেওয়া হবে। বুধবার ধানমণ্ডির বেল টাওয়ারে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। ওই সভার আলোচ্য ছিলো প্রধানমন্ত্রীর ভারত সফর। আগামী গ্রীস্ম মৌসুমে পানি সঙ্কটে যেন না পড়তে হয়, সে জন্যই ঢাকার এ উদ্যোগ। গত এক দশক ধরে বাংলাদেশ তিস্তার পানি বণ্টন বিষয়ে একটি চুক্তির জন্য প্রতিবেশী ভারতের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ১৯৯০ সালে ভারত তিস্তার উজানে বাঁধ নির্মাণ করার পর থেকে ভাটিতে বাংলাদেশ অংশে প্রতিবছর শুকনো মৌসুমে সেচের পানির তীব্র সঙ্কট দেখা দেয়। প্রধানমন্ত্রীর সফরের এক সপ্তাহ আগে জেআরসির সচিব পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি ত্বরান্বিত করতে মতৈক্য হয়। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় বলা হয়েছে, তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে দুই দেশ তাদের আলোচনা ত্বরান্বিত করবে। এ চুক্তি চূড়ান্ত করতে আগামী মার্চে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে এতে উল্লেখ করা হয়। দীপু মনি বলেন, "তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এবং ব্যবস্থা আমরা নিচ্ছি। মার্চে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরপরই এডহক (অস্থায়ী) ভিত্তিতে একটি চুক্তি আমরা করতে চাই।" "আমরা হাইড্রোলজিক্যাল সার্ভে ডাটা পাওয়ার অপেক্ষায় থাকতে পারি না", বলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে জেআরসির বৈঠকে চুক্তির আগে তিস্তার পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটি তিস্তার ব্যাপারে হাইড্রোলজিক্যাল সার্ভে চালাবে। এ সমীক্ষা থেকে পাওয়া উপাত্ত তিস্তার পানি বণ্টন কাজে ব্যবহার করা হবে। জেআরসির সচিব পর্যায় ও কারিগরি বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে তিস্তার পানি বণ্টন বিষয়ে উভয়পক্ষের মধ্যকার মতপার্থক্য কিছুটা কমেছে। তিস্তা নদীকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। রংপুর অঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপের আওতায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষি জমি রয়েছে। কিন্তু ভারত তার সেচ প্রকল্পের জন্য তিস্তার উজানে গজলডোবায় ব্যারেজ (বাঁধ) নির্মাণ করায় প্রতি বছর শুকনো মৌসুমে নদীর বাংলাদেশ অংশে পানি সঙ্কট দেখা দেয়। পানির এমন সঙ্কটের কারণে বাংলাদেশ তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে পারছে না। পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলের দেশগুলোতে জলবিদ্যুত উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে অভিন্ন নদীগুলোর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "আমাদেরকে কেবল ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করলেই চলবে না। এ অঞ্চলে জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে এসব নদীর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করতে হবে। এ অঞ্চলের সব দেশের সঙ্গে আমাদের একযোগে কাজ করতে হবে। আমরা আঞ্চলিক গ্রিডের মধ্যে সংযোগ স্থাপন নিয়ে কথা বলছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/এইচএ/১৮৪৯ ঘ.