২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে বোমা হামলায় এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 07:46 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে বোমা হামলায় এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ওই হামলা হয়েছে বলে পুলিশের ধারণা। সদর থানার উপপরিদর্শক (এসআই) সালেহা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বাইতুল ইসলাম (৭) চকপাড়া গ্রামের নূরুল ইসলাম ছেলে। আহতরা হলেন- শফিকুল ইসলাম (৪৫), আবু তালেব (১০) ও বিজলী খাতুন (৩৫), এরিনা (৩৫) ও বারিক (৯)। পুলিশ কর্মকর্তা সালেহা বলেন, "পারিবারিক বিরোধের জের ধরে চকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের দুই ছেলে ফারুক হোসেন ও আব্দুর রহিম রাতে তাদের বড় ভাই শফিকুলকে লক্ষ করে বোমা ছোড়ে। বিস্ফোরণে ঘটনাস্থলেই বাইতুল মারা যায়।" বাইতুলের বাবা নূরুল শফিকুলের প্রতিবেশী। বোমা হামলার সময় বাইতুল শফিকুলের পাশে ছিলো। এ ঘটনায় নুরুল ইসলাম বাদি হয়ে বুধবার সকালে ফারুক ও রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আহতদের মধ্যে শফিকুল, তালেব ও বিজলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩৬ ঘ.