২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি সঙ্কটে ধুঁকছে পুলিশ

একে তো গাড়ি কম, যা রয়েছে তাও জরাজীর্ণ। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ মুশকিল। সায়েদুল ইসলাম তালাত এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 07:35 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের চেয়ে সন্ত্রাসীরা বেশি আধুনিক গাড়ি ব্যবহার করছে। ফলে তাদের ধাওয়া করে পেরে উঠা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। এ কথাটি ঢাকা মহানগরীর রমনা থানার ওসি শিবলী নোমানের। শুধু জরাজীর্ণই নয়, গাড়ি সঙ্কটের মধ্য দিয়েই পুলিশ বাহিনীকে চলতে হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রতি ২৫ হাজার নাগরিকের নিরাপত্তার জন্যে পুলিশের হাতে মাত্র ১টি করে গাড়ি রয়েছে। তবে আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িগুলো বাদ দিলে প্রতি ৪১ হাজার ৯০৬ জনের জন্যে মাত্র ১টি পুলিশ বাহন (পিকআপ ও মটরসাইকেলসহ) রয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিচালক (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রেনিং) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি সঙ্কটের বিষয়টি অনেকদিন ধরেই চলে আসছে। বিভিন্নভাবে তা কাটানোর চেষ্টা করে যাচ্ছি। তবে অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক ও উন্নত প্রযুক্তির যথেষ্ট সংখ্যক গাড়ি থাকার বিকল্প নেই।" পুলিশের তথ্য অনুযায়ী, বাহিনীর মোট সদস্য ১ লাখ ২৪ হাজার। জিপ, পিকআপ ভ্যান, বাস ও মোটর সাইকেলসহ গাড়ির সংখ্যা ৬ হাজার ৩৮৯টি। অর্থাৎ জনসংখ্যা ১৬ কোটি ধরা হলে প্রতি ২৫ হাজার ৪৩ জন নাগরিকের নিরাপত্তার জন্যে পুলিশের ১টি মাত্র গাড়ি রয়েছে। স্বাধীনতার পর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ পরিবহন সমস্যা নিয়েই সবচেয়ে ভুগছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, বিভিন্ন সময় সমস্যা সমাধানের জন্যে উদ্যোগ নেওয়া হলেও তা মন্ত্রণালয়ে গিয়ে হারিয়ে যায়। গাড়ি সমস্যার সাময়িক সমাধানে পুলিশের একমাত্র পথ 'রিকুইজিশন'। এর ফলে আবার ভোগান্তির শিকার হতে হয় গাড়ির মালিক সাধারণ মানুষকে। প্রতিদিন রাজধানীতে গড়ে ৩০০ ও সারাদেশে ৬০০ গাড়ি রিকুইজিশন করে পুলিশ তাদের চাহিদা মেটায়। মাহবুব বলেন, "অনেক সময় পুলিশ রিকুইজিশন করা গাড়ি দিয়ে স্থানীয় প্রয়োজন মেটাতে বাধ্য হয়।" থানাগুলোর টহল ডিউটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পিকআপ ভ্যান। দেশের মোট ৬০০টি থানার জন্যে পিকআপ ভ্যান রয়েছে ১ হাজার ১৬৮টি। এছাড়া কর্মকর্তাদের জন্য মোটর সাইকেল রয়েছে ২ হাজার ৫০৮টি। ঢাকা মহানগরীর কাফরুল থানার ওসি দেলোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার থানায় মোট চারটি গাড়ি আছে। তার মধ্যে তিনটির অবস্থা করুণ। মাঝে মাঝেই মাঝরাতে বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে। সেটাকে আবার রেকার দিয়ে টেনে আনতে হয়।" গাড়ির অভাবে অনেক সময় কর্মকর্তাদের নিজের খরচেই মামলার তদন্ত করতে যেতে হয় বলে জানান তিনি। রমনা থানায় মোট ছয়টি পিকআপ ভ্যান রয়েছে। তবে এর সবকটিই ব্যবহারঅযোগ্য বলে জানান থানার ওসি নোমান। তিনি বলেন, "পুরনো লক্কর-ঝক্কর গাড়ি দিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে ধরা মুশকিল।" পুলিশ সদর দপ্তরের হিসাবে, এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৬টি, সদর দপ্তরের কর্মকর্তারা ২০৮টি, ছয়টি মহানগরী পুলিশ ২ হাজার ৩১৯টি, স্পেশাল ব্রাঞ্চ ও অপরাধ তদন্ত বিভাগ ৩৭৪টি, পুলিশ টেলিকম ১৩টি, এপিবিএন ১৮৬টি, সাতটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ১২৯টি, রেলওয়ে পুলিশ ২৩টি, স্টাফ কলেজে ১৯টি ও বিভিন্ন জেলা শহরে ২ হাজার ৮৮৯টি গাড়ি রয়েছে। চলতি বছরে পুলিশের গাড়ি কেনার জন্যে বাৎসরিক বরাদ্দ সাড়ে ১২ কোটি টাকা। এর মধ্যে হাইওয়ে পুলিশের জন্যে বরাদ্দ রয়েছে ৫ কোটি টাকা। পুলিশ কর্মকর্তারা বলেন, এ বরাদ্দ দিয়ে কয়েকটি পিকআপ ভ্যান আর কিছু মোটর সাইকেল কেনা যেতে পারে। কিন্তু প্রতিমাসেই এর কয়েকগুণ গাড়ি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। ফলে গাড়ি কেনার চেয়ে মেরামতের বরাদ্দই বেশি, ২০ কোটি ১৯ লাখ টাকা। তবে গাড়ি সঙ্কটের অবসানে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি সঙ্কটের জন্য ৫০০ কোটি টাকার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পুলিশের বেশিরভাগ গাড়িই বহুদিন পুরনো। এই টাকা পেলে সমস্যার কিছুটা সমাধান হতে পারে।" ওই টাকায় ৩ বছরে ১৫০০টি পিকআপ ও ৪৫০০টি মোটর সাইকেল কেনা সম্ভব বলে পুলিশ প্রধান জানান। প্রস্তাবটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আবদুল সোবহান সিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩২৫ ঘ.