মাদারীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনী উপজেলায় বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন।
সকাল ৯টার দিকে পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর জেলা বাস মালিক গ্র"পের ভুরঘাটার সমন্বয়কারী মো.শাহিন ফকির জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালকিনী থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের বাসটি পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি দুপুর ১টার সময় ঘটনাস্থল থেকে জানান, বাসটি সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচের একটি পুকুরে পুরোপুরি ডুবে গেছে।
বিকাল ৫টার দিকে পুকুর থেকে বাসটি উদ্ধার করেছে ডুবুরিরা। এ সময় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্বার করা হয়। এর আগে বাসের সুপারভাইজার সাজ্জাদ (৩০) এর লাশ উদ্ধার করা হয়।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন মাদারীপুর র্যাব -৮ এর উপ-পরিচালক মেজর নুর হাসান ও কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
মেজর নুর হাসান বলেন, বরিশাল থেকে দমকলের একটি ডুবুরিদল ক্রেনের সাহায্যে বাসটি উদ্ধার করেছে।
সন্ধ্যায় কালকিনি থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ পর্যন্ত অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের মধ্যে পাঁচজন হলেন- ঢাকার ইডেন কলেজের ছাত্রী শাহনাজ, হালান, জাকির, রাজা মিয়া ও চরফতেবাহাদুর গ্রামের আল আমীন। বাকিদের নাম জানা যায়নি।
ডুবুরিদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে প্রচণ্ড ঠাণ্ডার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24