ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে দুইদিনব্যাপী 'নাগরিক অধিকার মেলা'।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ মেলা উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা মেলা কর্মসূচি তুলে ধরেন।
মেলার আইন ও সালিশ কেন্দ্র, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, কর্মজীবী নারী, গণস্বাস্থ্য কেন্দ্র, নিজেরা করি, অপরাজেয় বাংলাসহ ৩২টি তৃণমূল সংগঠন অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আইন ও সালিশ কেন্দ্র, কর্মজীবী নারী, নিজেরা করি, ব্র্যাক, ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ মেলা আয়োজন করছে।
মেলায় তৃণমূল সংগঠনের উদ্যোগে নাটক, নৃত্য, গান, ভিডিও এবং পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক অধিকার মেলার আহ্বায়ক সিমিন মাহমুদ। উপস্থিত ছিলেন এস এম হাশেমি, মোহাম্মদ জাহাঙ্গীর, রোকেয়া রফিক ও জিসান কিংশুক হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24