ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ ছাত্রনেতা আসাদকে স্মরণ করা হচ্ছে।
১৯৬৯ সালের এ দিন তৎকালীন আইয়ুব সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে। ওই মিছিলে গুলি চালানো হলে মারা যান ছাত্র ইউনিয়ন নেতা আমানউল্লাহ মোহাম্মদ আসাদ।
দেশে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘ ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামে আসাদ এক অত্যুজ্জ্বল নাম।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াওা অসাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১১টায় ফোর্স অব বঙ্গবন্ধু সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে এবং বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে ন্যাপ-ভাসানীর উদ্যোগে আলোচনা সভা হবে। গণসংস্কৃতি ফ্রন্ট আসাদ স্মরণে পাঁচদিন ব্যাপী বইমেলা আয়োজন করেছে। মেলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে।
এছাড়া আসাদের জন্মস্থান নরসিংদীর শিবপুরে তার সমাধিতে ফুল দেওয়াসহ স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২১০ ঘ.
bdnews24