২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় নিহত ৪

রাজধানীর যাত্রাবাড়ীতে বুধবার ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কার চুরমার হয়ে এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 04:36 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে বুধবার ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কার চুরমার হয়ে এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে পুনম সিনেমা হলের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান। নিহতরা হলেন- তৈয়বুল ইসলাম (৫৫), তার স্ত্রী রোকেয়া ইসলাম (৪৫), মেয়ে মম (১০) এবং তাদের গাড়িচালক মো. নাসির (৩০)। তৈয়বুলের চাচাত ভাই রফিকুল ইসলাম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈয়বুলরা একটি প্রাইভেটকারে চড়ে কক্সবাজার থেকে ঢাকা ফিরছিলেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা তৈয়বুলের অপর দুই মেয়েও আহত হয়েছেন। তারা হলেন- সাদিয়া ইসলাম তন্বী ও রুহি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মাসুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূরবাগ এলাকায় পুনম সিনেমা হলের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারটি চুরমার হয়ে যায়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যায় বলে তিনি জানান। মম'র মৃত্যু হয় হাসপাতালে। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়। রফিকুল ইসলাম জানান, তৈয়বুলের বাড়ি নোয়াখালীর বেড়মগঞ্জে। ঢাকায় তার বাসা গ্রিন রোডে। তিনি গত সপ্তাহে সপরিবারে কক্সবাজার গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১৫ ঘ.