২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের উৎপাতে শ্যামলীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

বখাটেদের উৎপাতে রাজধানীর শ্যামলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 04:42 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটেদের উৎপাতে রাজধানীর শ্যামলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মাশফিয়া আকন্দ পিংকির (১৪) পরিবারের অভিযোগ, স্থানীয় বখাটে যুবক মুরাদ ও তার সাঙ্গপাঙ্গরা মঙ্গলবার তাকে অপমান করলে আত্মহত্যা করে পিংকি। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, শ্যামলী ২ নম্বর সড়কের ১৫২/ক/সি (চাকলাদারবাড়ি) নম্বর বাড়ি থেকে এদিন পিংকির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিংকির বাবা নজরুল ইসলাম আকন্দ। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে। নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিন পিংকিকে উত্যক্ত করছিল স্থানীয় বখাটে মুরাদ। তাদের বাড়ির (চাকলাদার বাড়ির) দারোয়ান আবুল কালামের ভাস্তে মুরাদ। এ ঘটনা পিংকি কাউকে না জানিয়ে দারোয়ানের কাছে অভিযোগ করে। দারোয়ান মুরাদকে ধরে এনে পিংকির কাছে ক্ষমা চাওয়ায়। এরপর সকালে দুষ্টুমি করতে গিয়ে হাত কেটে ফেলে পিংকি। সে স্থানীয় ওষুধের দোকানে ব্যান্ডএইড আনতে গেলে মুরাদ ও তার সাঙ্গপাঙ্গরা পিংকিকে আটকিয়ে চড়থাপ্পড় দেয়। ওষুধের দোকানের মালিক বখাটেদের তাড়া দিলে তারা পালিয়ে যায়। এরপরই পিংকি বাসায় এসে আত্মহত্যা করে। পিংকির চাচা আশরাফ আলী আকন্দ জানান, মৃত্যুর আগে তার দাদীর কাছে একটি চিরকুট রেখে গেছে পিংকি। সে লিখেছে, 'মুরাদ আমাকে থাপ্পড় মেরেছ। মানসম্মান যেন হারাতে না হয় সেজন্য ফাঁসি দিলাম। আমার মৃত্যুর জন্য শুধু মুরাদই দায়ী।' এ ঘটনায় মুরাদসহ কয়েকজনের বিরুদ্ধে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পিংকির পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২৩৬ ঘ.