সাতক্ষীরা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় মঙ্গলবার আরো ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে সাতজনের সাক্ষ্য নেওয়া হল।
বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবী করা হয়েছে।
সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
এরপর আদালতে একে এক সাক্ষ্য দেন- নায়েক মো. শহীদুল ইসলাম, হাবিলদার দেলোয়ার হোসেন, হাবিলদার মশিউর রহমান, ল্যান্স নায়েক নিয়ামুল ইসলাম, নায়েক মহব্বত হোসেন ও স্কুল শিক্ষক বশির আহম্মেদ।
অভিযুক্ত বিডিআর সদস্যরা সাক্ষীদের জেরাও করেন।
দুই দফা বিরতির পর বিকাল সাড়ে ৫টায় আদালত মূলতবি ঘোষণা করা হয়।
এই বিশেষ আদালতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যের বিচার কাজ চলছে।
সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন সাক্ষ্য দেন মামলার বাদী সুবেদার মেজর এসএম সরোয়ার জাহান।
আদালতের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিচার কাজ পরিচালনা করেন। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ, মেজর লুৎফুল করিম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. খসরুজ্জামান।
এছাড়া আদালতকে সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি শাহিদুর রহমান ও মোশারফ হোসেন কাজল।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
৭ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় গত বছর সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি মামলা হয়। এ মামলায় প্রথম দফায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিশেষ আদালতে বিদ্রোহ মামলার বিচার কাজ শুরু হয়। পরদিন গ্রেপ্তার বিডিআর সদস্যদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। এরপর ১৮ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবী করা হয়।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
গত নভেম্বরে রাঙামাটিতে নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে সারা দেশে বিদ্রোহের বিচার শুরু হয়।
বিডিআর বিদ্রোহের বিচারে ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/ডিডি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24