২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর অন্তিম যাত্রা

প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে শেষ বিদায় জানাচ্ছে ভারতবাসী। পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভায় তার কফিন ভরে উঠেছে ফুলে ফুলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 04:55 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে শেষ বিদায় জানাচ্ছে ভারতবাসী। পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভায় তার কফিন ভরে উঠেছে ফুলে ফুলে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা জ্যোতি বসু ৯৫ বছর বয়সে গত রোববার মারা যান। নিজের দেহ হাসপাতালে দান করে যাওয়ায় প্রচলিত নিয়মে তার অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে না। জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন। বিধান সভায় শেখ হাসিনা ছাড়াও শ্রদ্ধা জানাবেন ভারতের ক্ষমতাসীন জোটের বড় শরিক কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়া, সাবেক স্পিকার পি এ সাংমা, কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারসহ সর্বভারতীয় নেতারা। ডিডি বাংলার খবরে বলা হয়, দুপুরে বিধান সভায় জ্যোতি বসুর মরদেহ আনার পর শ্রদ্ধা জানান বিজেপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী এল কে আদবানি, সাবেক মন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সরেন, অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়সহ বিভিন্ন রাজ্যের নেতারা। টেলিভিশন চিত্রে দেখা যায়, রাজনৈতিক নেতারা ছাড়াও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে সাবেক মুখ্যমন্ত্রীর ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ রাজ্য সরকারের মন্ত্রীরা। সকালে আলিমুদ্দিন রোডে সিপিএম কার্যালয়ে জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানায় দলীয় নেতা-কর্মীরা। ওই সময় 'কমরেড জ্যোতি বসু, লাল সালাম' স্লোগানে মুখর হয়ে উঠে দলের রাজ্য সদর দপ্তর। বিধান সভায় শ্রদ্ধা জানানোর পর রবীন্দ্র ভারতীর উল্টো দিকে মোহরকুঞ্জে গিয়ে শেষ হবে শেষ যাত্রা। সেখানে তোপধ্বনি দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রীকে। এর পর এসএসকেএম হাসপাতালে তার দেহ দান করা হবে। প্রয়াত নেতার শেষ শ্রদ্ধার অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে প্রায় ২ হাজার পুলিশ। এক পুলিশ কর্মকর্তা বলেন, ১৯৯৭ সালে নোবেলজয়ী মাদার তেরেসার মৃত্যুর পর যেমন আয়োজন ছিলো, এবারো ঠিক তেমনই। ৯৫ বছর বয়সে বেশ কিছুদিন রোগে ভুগে গত রোববার জ্যোতি বসুর জীবনাবসান ঘটে। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়েই তাকে চলতে হয়। গত বছর লোকসভা নির্বাচনের সময় অসুস্থ হয়ে পড়লে ভোট দিতে পারেননি এ সিপিএম নেতা। এক যুগ আগে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিলো জ্যোতি বসুর সামনে। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তা হয়নি। জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতায়। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হন। ভারত ফিরে কমিউনিস্ট পার্টির সঙ্গে পুরোপুরি যুক্ত হন তিনি। জ্যোতি বসু ১৯৪৬ সালে তিনি প্রথম প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সাল থেকে '৬৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভার বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন তিনি। '৬৭ সালে পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন ১৯৭৭ সালের ২১ জুন। জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে বাংলাদেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তিনি; মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশেও বেশ কয়েকবার এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৩৪ ঘ.