ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুরিয়ার সার্ভিস ও মেইল অপারেটরদের আইনের আওতায় আনতে শাস্তির বিধান রেখে একশ' বছরেরও বেশি পুরনো পোস্ট অফিস আইন সংশোধিত আকারে পাস হয়েছে।
কুরিয়ার সার্ভিস ও মেইল অপারেটর বিধান লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে আবার অপরাধের জন্য দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে।
সোমবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আইনটি পাস হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বিলটি পাস করার জন্যে সংসদে উপস্থাপন করেন।
তিনি সংসদকে জানান, সংশোধিত এ আইনের বলে কুরিয়ার সার্ভিস প্রদানকারী সংস্থাগুলোর মান নির্ধারণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার ফলে সেবার মান বাড়বে।
একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন নতুন সেবা দ্রুত প্রদান ও আয় বৃদ্ধিকারী কর্মসূচি নেওয়া সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২৫৯ঘ.
bdnews24