নড়াইল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তেভাগা আন্দোলনের নেতা অমল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে তিনদিনে অমল সেন মেলা রোববার শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত।
বিকাল চারটায় নড়াইলের এগারোখান-বাকড়ি স্কুল মাঠে অমল সেন স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত এই মেলা উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
এর আগে এগারোখানে অমল সেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল, যশোর, সাতক্ষীরা, রাজবাড়ি, রাজশাহীসহ বিভিন্ন জেলার নেতারা।
ওয়ার্কার্স পার্টির নেতা অমল সেন ১৯১৫ সালে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, অমল সেন জমিদার পরিবারের সন্তান হয়েও এদেশের কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।
অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, হাজেরা সুলতানা, কামরুল আহসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24