সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চার সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো চার বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার পূর্বপাড়া নোয়াগাঁওয়ের সোনাফর আলীর চার ছেলে ছাদ মিয়া, আখলু মিয়া, আলমাছ মিয়া ও ময়না মিয়া এবং একই গ্রামের ফারুক মিয়া, আবদুর রশিদ ও আবদুন নূর।
এদের মধ্যে ময়না মিয়া ও ফারুক মিয়া পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ওই গ্রামের আবদুল লতিফ (২২) জমি নিয়ে পূর্ব শত্র"তার জেরে ২০০৪ সালের ১৯ ডিসেম্বর রাতে বাড়ির পাশে খুন হন। এ ঘটনায় লতিফের ভাই আবদুল মতিন পরদিন বিশ্বনাথ থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশের তদন্ত কর্মকর্তা কে এম নজরুল সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০০৫ সালের ১৮ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24