২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ.লীগের সংঘর্ষে আহত ১৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ফরিদপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে রোববার বিকালে ভাঙ্গা পৌর এলাকার ছিলাধরচর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আলী ও লিয়াকত মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। ভাঙ্গা থানার ওসি মো. মারফত উল্লাহ সাংবাদিকদের জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী সমর্থকদের সঙ্গে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকতের সমর্থকদের সংঘর্ষ হয়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। এক পর্যায়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে ৫৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ওসি আরো জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. করুণা কান্তি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এরা হলেন- টিটু ভূঁইয়া (৪৮), শেখ মান্নান (২০), গিয়াস মাতুব্বর (৪০), হায়দার আলী (৪৫) ও শাহাবুদ্দিন (২৫)। লিয়াকত মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৈয়দ আলীর ভাইপো সোবহান, জাহিদ ও সুমন বাড়ির সামনে এসে আমাকে গালিগালাজ করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।" সৈয়দ আলী বলেন, "লিয়াকত মোল্লার লোকজন অতর্কিতে আমার সমর্থকদের উপর হামলা চালিয়ে মারধর করেছে।" ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.