২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: শুনানি ৮ সপ্তাহ পেছানোর আবেদন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর শুনানি ৮ সপ্তাহের জন্য পেছানোর আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর শুনানি ৮ সপ্তাহের জন্য পেছানোর আবেদন করা হয়েছে। রোববার দেলোয়ারের পক্ষে টিএইচ খান এবং অন্য তিন আইনজীবীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট শাখায় পৃথকভাবে আবেদন করেন। শুনানির জন্য পর্যাপ্ত প্রস্ততি নেই বলে তারা আবেদনে বলেন। সোমবার সংবিধানের পঞ্চম সংশোধনী ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। গত ৫ জানুয়ারি পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার জজের কাজে আবেদন করা হয়েছিল। তিনি এ বিষয়ে কোনও আদেশ না দিয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সরকারের আপিল আবেদন প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে। তবে খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবীর দুটি আপিল আবেদন (লিভ টু আপিল) শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের তৎকালীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। সেদিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার। হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। হাইকোর্ট আলোচিত ওই রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সব কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়। রায়ের বিরুদ্ধে তৎকালীন বিএনপি সরকার আপিল আবেদন করলেও বর্তমান সরকার ওই আবেদন প্রত্যাহারের আবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৫৫ঘ.